সাব-রেজিস্ট্রারনামাঃ সুবিধা-অসুবিধা, পরীক্ষা প্রস্তুতি, ফেয়ার নিয়োগ হবে তো?
সাব-রেজিস্ট্রার সম্পর্কে আমি কী বলবো! আপনারা সবই জানেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)-এর রিপোর্ট অনুযায়ী দুর্নীতির দিক দিয়ে ভূমি রেজিস্ট্রি অফিস ৪ নম্বরে আছে!
ভূমি রেজিস্ট্রি অফিসের সেবা নিতে গিয়ে আমার কাছে এক ভদ্রলোক সরকারি ফির প্রায় ১৫ গুণ বেশি টাকা দাবি করেছিলেন। যাহোক, অবস্থার পরিবর্তন হচ্ছে। সামনে আরও হবে। এখনকার স্মার্ট ও সৎ কিছু অফিসার সেখানে যাচ্ছেন, তারা সিস্টেমের বেড়াজাল ভেঙে আরও সুন্দর সেবা দিচ্ছেন এবং দেবেন। তাই আমি চাই আপনাদের মধ্যে যারা সৎ তারা সেখানে যান।
এখানে চাকরির সুবিধা কী?
৯ম গ্রেডের চাকরি। নতুন পে স্কেলে ভালো বেতন পাবেন। আপনি হবেন আপনার অফিসের বস, খাসকামরা পাবেন। একমাত্র সাব-রেজিস্ট্রারদেরই শুধুমাত্র এমন নামে কামরা আছে বলে আমার জানা। অফিসার অফিসার ফিল পাবেন। মানুষকে সরাসরি সেবা দিতে পারবেন। সৎ থেকে মানুষের সেবা দিয়ে যে দোয়াটা পাবেন, অনেকের মধ্যে অন্যতম হয়ে উঠবেন, এর দাম টাকায় পরিমাপ করা যায় না।
অসুবিধা কী?
অফিসভেদে চাপ থাকে বেশ, পাবলিক ডিলিংস, চাইলেও আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। আর আপনি সৎ থাকলেও প্রথম দিকে মানুষকে বোঝাতে কষ্ট হবে, আপনাকে কেউ কেউ বাঁকা চোখে দেখবে। অধীনস্থদের জন্য আপনার বদনাম হবে। এছাড়া প্রোমোশনের গতি একটু স্লো।
অর্গানোগ্রাম: সাব-রেজিস্ট্রার > জেলা রেজিস্ট্রার > বিভাগীয় পরিদর্শক > অতিরিক্ত মহাপরিদর্শক নিবন্ধন > মহাপরিদর্শক নিবন্ধন।
প্রিপারেশন কীভাবে নেবেন? নিয়োগ কি ফেয়ার হবে?
যারা ইতোমধ্যে বিসিএস প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এটা বাড়তি একটা সুযোগ। বিসিএসের জন্য যা পড়ছেন এর বাইরে তেমন কিছু পড়তে হবে না। এখানে তুমুল প্রতিযোগিতা হবে। অনেকেই প্রশ্ন করছেন, নিয়োগ ফেয়ার হবে কিনা? এ বিষয়ে আমরা একটু পজিটিভ থাকি। পিএসসির ওপর আস্থা রাখি। আর নিয়োগ ফেয়ার হবে কিনা তা নিয়ে মাথা ঘামিয়ে প্রিপারেশন দুর্বল করে লাভ নেই। যদি একজনও ফেয়ার নিয়োগ পায়, সেটা যেন আপনি হন, সেইভাবে পড়তে থাকেন।
পরীক্ষা প্যাটার্ণ কি?
পিএসসির নন-ক্যাডার-৯ম-এবং-১০ম-থেকে-১৩তম-গ্রেড-পদে-নিয়োগ-পরীক্ষা-নীতিমালা-২০২৩ এ বিস্তারিত বলা আছে। আপনাদের সুবিধার জন্য আবার বলে দি। অনেকের সময়ের খুব দাম। এসব নীতিমালা পড়ার সময় নাই আপনাদের।
আবেদনকারী ১০০১ জন বা তার বেশি হলে প্রথমে ১০০ নম্বরের ১ ঘণ্টার MCQ পরীক্ষা হয়। বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ২৫, এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ২৫ নম্বর। নেগেটিভ ০.৫০!
এরপর ৪ ঘণ্টায় মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত ও মানসিক দক্ষতা প্রতিটিতে আলাদাভাবে অন্তত ৩০% নম্বর পেতে হয় এবং সামগ্রিকভাবে ৫০% নম্বর পেলে পাস।
বিষয়/টপিক নম্বর বণ্টন:
- বাংলা (৫০): রচনা ১৫, সারাংশ/সারমর্ম ৫, পত্র লিখন (ব্যক্তিগত, আবেদনপত্র, পত্রিকায় প্রকাশনার্থে পত্র, ব্যবসা সংক্রান্ত পত্র, স্মারকলিপি) ১০, বঙ্গানুবাদ ৫, এবং ব্যাকরণ (ভাষার সংজ্ঞা, ভাষার রূপ, সাধুভাষা ও চলিত রীতির রূপান্তর, দেশি ও বিদেশি শব্দ, নত্ব-বিধান ও ষত্ব-বিধানের সংজ্ঞা ও নিয়মাবলি, দ্বিরুক্ত শব্দ, পদ, ধাতু, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, যতি বা বিরাম চিহ্ন, শুদ্ধ ও অশুদ্ধ, বাগধারা, বাক্য সংকোচন, প্রতিশব্দ ও সমার্থক শব্দ, প্রায় সমোচ্চারিত শব্দ, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ) ১৫।
- ইংরেজি (৫০): Essay with hints ১৫, Letter (Official/Demi-Official/Memorandum/Business Type) ১০, Comprehension ১০, এবং Grammar (Use of verb, Preposition, Voice, Narration, Correction of errors in composition, use of words having similar pronunciation but conveying different meaning, use of idioms and phrases) ১৫।
- সাধারণ জ্ঞান (৪০): বাংলাদেশ বিষয়াবলি (বাংলাদেশের সংবিধান, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস, শিল্প ও সাহিত্য, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, জলবায়ু, পরিবেশ, বাংলাদেশের উন্নয়নে কৃষি, শিল্প, বাণিজ্যের অবদান, উন্নয়ন পরিকল্পনা) ১৫; আন্তর্জাতিক বিষয়াবলি (বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনসমূহ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ, গ্লোবালাইজেশন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিশ্বের বিখ্যাত ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানসমূহ) ১৫; এবং বিজ্ঞান ও প্রযুক্তি (দৈনন্দিন বিজ্ঞান, বায়ু, মাটি, তাপ, বিদ্যুৎ, আলো, চুম্বক, খাদ্যের উপাদান, জনস্বাস্থ্য, দূষণ, কম্পিউটার) ১০।
- গণিত ও মানসিক দক্ষতা (৬০): পাটিগণিত (সেট ও সংখ্যা, সরল, গড়, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, ক্ষেত্রফল, অনুপাত, সমানুপাত) ১৫; বীজগণিত (বর্গ ও ঘন এর সূত্র এবং এর ব্যবহার, ল.সা.গু, গ.সা.গু, উৎপাদকে বিশ্লেষণ, সমাধান, মান নির্ণয় ইত্যাদি) ১৫; জ্যামিতি (প্রাথমিক ধারণা ও সংজ্ঞা, রেখা, বিন্দু, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সম্পর্কিত বিষয়াদি; ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত বিষয়াদি, ত্রিকোণমিতি ইত্যাদি) ১০; এবং মানসিক দক্ষতা (Ability to understand language, decision making ability, ability to measure spatial relationship and direction, problem solving ability, perceptual ability etc.) ২০।
লিখিততে উত্তীর্ণ হলে এরপর ১০০ নম্বরের ভাইভা দিতে হয়, পাস নম্বর হলো ৫০%।
লেখাঃ Engr. Mynul Islam Sujon